সিগার গ্যালাক্সির অভিনব ছবি
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) সম্প্রতি একটি বিখ্যাত স্পাইরাল বা সর্পিল গ্যালাক্সি পর্যবেক্ষণ করেছে। এর নাম মেসিয়ার ৮২ (M82)। অপর নাম সিগার গ্যালাক্সি। টেলিস্কোপটি এটি পর্যবেক্ষণ করতে ৬৫ ঘণ্টা বা প্রায় তিন দিন সময় নিয়েছে। এর ফলে পাওয়া গেছে ২২৩ মেগাপিক্সেলের একটি ছবি। এই ছবিতে ১৬.৫ মিলিয়ন বা ১.৬৫ কোটি তারা রয়েছে। এতে এমন কিছু নতুন বিস্তারিত তথ্য রয়েছে যা আগে কখনো দেখা যায়নি।

এই স্পাইরাল গ্যালাক্সিটি আমাদের বেশ কাছাকাছি অবস্থিত হওয়ায় জ্যোতির্বিজ্ঞানীদের কাছে খুব জনপ্রিয়। এর অনেকগুলো অনন্য বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো এখানে অত্যন্ত দ্রুত গতিতে নতুন তারা বা নক্ষত্র তৈরি হচ্ছে।
বিজ্ঞানীরা মনে করেন, দুটি গ্যালাক্সির মিলনের ফলে এখানে এত বেশি তারা তৈরি হচ্ছে। তবে এই তারা গঠনের এই তেজস্বী প্রক্রিয়াটি বেশিদিন স্থায়ী হবে না। জ্যোতির্বিজ্ঞানের হিসেবেও এই সময়টি খুব সংক্ষিপ্ত। অন্য সব গ্যালাক্সির মতো M82-ও একদিন ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানীরা মনে করেন এটি আর মাত্র কয়েকশ মিলিয়ন বছর বেঁচে থাকবে।
নাসার মতে এই গ্যালাক্সির ভরের তুলনায় এখানে সাময়িকভাবে অত্যন্ত বেশি হারে তারা তৈরি হচ্ছে। পাশাপাশি এটি আমাদের লোকাল ইউনিভার্স বা স্থানীয় মহাবিশ্বে অবস্থিত। এই কারণগুলোর জন্যই সিগার গ্যালাক্সি বা M82 গবেষণার এক অনন্য জায়গা।