আর্টিমিস ২ পৃথিবী ছেড়ে যায়নি!
পৃথিবী থেকে চার নভোচারী চাঁদের উদ্দেশ্য রওনা দিলেন। ৯ দিন পর ফিরে এলেন নিজ গ্রহে। কিন্তু পৃথিবী তো ঘুরছে সূর্যের চারপাশে। তার মানে ৯ দিন পর তো এটি আর আগের জায়গায় নেই। তাহলে আর্টিমিস কীভাবে ফিরে এল? ফিরে ঠিক কোথায় এল? পৃথিবীর নতুন অবস্থানে নিজেকে কীভাবে নিয়ে গেল?
যানটি কিন্তু পৃথিবীর নতুন অবস্থানেই ফিরে এসেছে। লুপের মতো করে চাঁদকে ঘুরে এসে নোঙর ফেলেছে পৃথিবীর বুকে।
পৃথিবী সূর্যের চারদিকে চলছে সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে। ঘণ্টায় ১ লাখ কিলোমিটারের বেশি। তারমানে আর্টিমিস ২ পৃথিবীতে আসতে আসতে পৃথিবী আগের জায়গা থেকে দূরে সরেছে ২ কোটি ১৭ লাখ ৬৬ হাজার কিলোমিটার। অথচ পুরো ভ্রমণপথে যানটি নিজে চলেছে মাত্র প্রায় ১১ লাখ ২৭ হাজার কিলোমিটার পথ। তাহলে পৃথিবীকে ধরার জন্য বাড়তি দূরত্বটা কীভাবে পার হলো?

সত্যি বলতে, আর্টিমিস ২ কখনোই পৃথিবীকে ছেড়ে যায়নি। আরও ভাল করে বললে, পৃথিবীর গতি থেকে আলাদা হয়নি। কারণ এটি ছিল পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যেই। যেমনিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল বা চাঁদ নিজেও পৃথিবীর মহাকর্ষের খোলসে বন্দি। বিমান যেভাবে নিজ গতির সাথে সাথে পৃথিবীর আবর্তনের সাথে সাথে ঘুরতে থাকে আকাশেও। আমরাও পৃথিবীর সাথে সাথে ঘুরি বলে বাড়তি সে গতি টের পাই না।
ফলে পৃথিবীকে ছেড়ে যাওয়ার সময় যানটির গতি আসলে শূন্য ছিল না। পৃথিবীর নিজস্ব গতি এর মধ্য ছিলই। পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে যাওয়ার পরেও এটি সে গতিতে চলছিলই। চাঁদের দিকে যাওয়ার জন্য বাড়তি বেগ জ্বালানির সাহায্যে তৈরি করেছিল। কিন্তু পৃথিবীর সাথে সাথে চলার সেই অন্তর্নিহিত গতি অব্যাহত ছিল। নিউটনের গতির সূত্র বলছে, গতি অব্যাহত রাখার জন্য বাড়তি কোনো বল প্রয়োগ করতে হয় না। গতি থামানোর জন্য বা পরিবর্তন করার জন্য বল প্রয়োজন। ফলে আর্টিমিসের পৃথিবী থেকে পাওয়া গতি অবিরত ছিল।
চাঁদ আগে থেকেই পৃথিবীর সাথে সাথে চলছে। ঘুরছে সূর্যের চারদিকে। বাড়তি গতি হিসেবে ঘুরছে পৃথিবীর চারপাশেও। ফলে চাঁদে যাওয়ার জন্য নভোচারী চাঁদকে তাড়া করে বেড়ায় না। পৃথিবী ও চাঁদের গতি অন্য গ্রহ-উপগ্রহদের ন্যায় অনুমানযোগ্য পথ ধরে চলে। কখন কোথায় থাকবে তা আগে থেকেই জানা।

তাই চাঁদে যাওয়ার জন্য চাঁদকে তাড়া না করে একটি ভবিষ্যৎ গন্তব্য ঠিক করা হয়। যান সে বিন্দুতে যেতে যেতে চাঁদও সেখানে গিয়ে হাজির হয়। হয়ে যায় দেখা। এভাবে বক্র পথেই চলে যানের ভ্রমণরেখা। চাঁদকে ঘুরে এসে যান আবার পৃথিবীমুখী হয়। আর্টিমিস ২-কে পৃথিবীর উদ্দেশ্য নতুন করে যাত্রা করতে হয়নি। এটি পৃথিবীর গতির তালে তালেই চলছিল। যানটি পৃথিবী ত্যাগ করল, চাঁদে গেল, আবার পৃথিবীতে ফিরে এল। এই পুরো সময়ে সবকিছুই ছিল পৃথিবীর সাথে সাথেই।
<www.bishwo.com>